২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডিসকো ক্লাবে অভিযান, গ্রেপ্তার ২৮৮

গাজীপুরে একটি ক্লাবে অভিযান চালিয়ে ২৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 11:33 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বুধবার রাতভর ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন ‘নতুনধারা ডিসকো ক্লাবে’ জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালায়।

গ্রেপ্তারদের মধ্যে ২৭৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে জুয়া আইনে জরিমানা করা হয় এবং বাকি ১১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারদের নিয়মিত মামলার আসামিরা হলেন শহীদ খান জজ (৫০), দেলোয়ার হোসেন (৪০), রতন চন্দ্র সাহা (৫০), নজরুল ইসলাম আকন্দ (৪৫), জয়নাল আবেদীন ফকির (৪৩), নারায়ন চন্দ্র গৌর মানিক (৩৫), আল ইমরান (৪৫), আব্দুল মান্নান (৫৫), তোফায়েল আহমদ (৩২), আবুল বাশার (৪৩) ও রাশেদুল ইসলাম (৩২)।

পুলিশ জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন নতুনধারা ডিসকো ক্লাবে বুধবার রাতভর অভিযানের সময় গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও জাহিদ বিন কাশেমর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া অভিযানে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান (অপরাধ-উত্তর) ও ইলতুৎমিশ (অপরাধ-দক্ষিণ) এর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাসহ ৮০ জন পুলিশ সদস্য অংশ গ্রহণ করেন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান বলেন, জুয়া খেলা ও অন্যান্য অপরাধে মোট ২৮৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২১০টি ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা, কেরু এন্ড কোম্পানির চার বোতল ইম্পেরিয়াল হুইস্কি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

“গ্রেপ্তারদের মধ্যে ২৭৭ জন জুয়া খেলার অপরাধ স্বীকার করায় উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেন। বাকি ১১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ওই ক্লাবে অসামাজিক কাজকর্ম ও মাদক বেচাকেনা হচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ কারণে গাজীপুর জেলা প্রশাসন ও মহানগর পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে।