২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা আওয়ামী লীগকে বাঁচান: ওবায়দুল কাদেরকে একরাম

এবার ওবায়দুল কাদেরকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ বাঁচানোর আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, এক সপ্তাহ আগে যিনি ফেইসবুক লাইভে এসে দলের এই নেতার সমালোচনা করেছিলেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 07:21 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

বঙ্গবন্ধুর জন্মদিনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এই সাংসদ বক্তব্য দেন।

তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, “এখনও লাগাম ধরেন জেলা আওয়ামী লীগের, জেলা আওয়ামী লীগকে বাঁচান। কারণ সবার আঙ্গুল কিন্তু আপনার দিকে। আমি আপনাকে বলি; কাদের ভাই বাবার পরে আপনাকে স্থান দিয়েছি, এখন ধরে রাখার চেষ্টা করেন।”

সমাবেশে তিনি ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার সমালোচনা করে বলেন, “আমি জানি না মির্জা কাদের কার নির্দেশে নোয়াখালী আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করতে চেয়েছিল।”

সমাবেশে উপস্থিত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে একরাম বলেন, “নোয়াখালীর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এরা কিন্তু দ্বিখণ্ডিত হতে দেয় নাই। অনেকেই মনে করেছে আমি এমপি, আমি হয়তো ত্যাড়ামি করব। পারি না আমি আমার দলের বিরুদ্ধে ত্যাড়ামি করতে। এটা আমার দ্বারা সম্ভব না।”

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির কয়েকজন নেতাকে উদ্দেশে একরামুল করিম চৌধুরী বলেন, “আপনারা যারা টেন্ডারবাজি করতে চান, করেন। কিন্ত সাধারণ পাবলিককে নিয়ে করেন, আমার সাধারণ কর্মীদের নিয়েও করেন। শুধু আপনারা খাবেন, আমার কর্মীরা খাবে না তা হবে না তা হবে না।”

নোয়াখালীর একরামুল ক্ষোভ ঝাড়লেন ওবায়দুল কাদেরের ওপর  

একরামুলকে অব্যাহতি দিতে চায় নোয়াখালী আওয়ামী লীগ  

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী আগামী ২৩ জুলাই অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা দেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ২৩ তারিখ আওয়ামী লীগের সম্মেলন, জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে চান আমি সভাপতি পদে দাঁড়াতে চাই।”

এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ একরামুল করিম চৌধুরী।

পরে দিনটি পালন উপলক্ষ্যে তার নেতৃত্বে জেলা শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় সামনে সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

এর আগে গত ১০ মার্চ বাংলাদেশ সময় সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে একরামুল করিম চৌধুরী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ফেইসবুক লাইভে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করেন।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গত ১০ মার্চ তার ধমনীতে রিং পরানো হয়। ১৪ মার্চ তিনি দেশে ফিরেছেন।

একরামুল করিম চৌধুরী টানা ১৭ বছর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

২০১৯ সালে অনুষ্ঠিত সম্মেলনেও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ওই কমিটি অনুমোদনের আগেই গত বছরের ৩০ সেপ্টেম্বর সম্মেলনে ঘোষিত কমিটি ভেঙে দিয়ে ৮৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে; যেখানে আহ্বায়ক করা হয় ভেঙে দেওয়া কমিটির সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে। দুই যুগ্ম আহ্বায়ক করা হয় শিহাব উদ্দিন শাহিন ও নোয়াখালী পৌরসভার মেয়র মো. সহিদ উল্যাহ খান সোহেলকে। প্রথম সদস্য করা হয় একরামুল করিম চৌধুরীকে।