২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একরামুলকে অব্যাহতি দিতে চায় নোয়াখালী আওয়ামী লীগ

ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে দলীয় সদস্যপদ থেকে অব্যাহতি দিতে একাট্টা হয়েছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2022, 12:32 AM

Updated : 25 Oct 2022, 10:12 AM

শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এড্হক কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে কমিটির দুই যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন ও সহিদ উল্যাহ খান জানিয়েছেন।

শিহাব উদ্দিন শাহিন বলেন, “নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গত ১৬ জানুয়ারি নোয়াখালী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী সহিদ উল্লাহ খানের বিরুদ্ধে এবং স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হায়দার লেনিনের পক্ষে অবস্থান নেন।

“এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি দলীয় কয়েকজন প্রার্থীর বিপক্ষে কাজ করেন। এমনকি আগামী ১০ ফেব্রয়ারির সুবর্ণচর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একরাম দলীয় প্রার্থী বিপক্ষে কাজ করার জন্য লোকজনকে উদ্বুদ্ধ করে বক্তব্য দিয়েছেন; যার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।”

শিহাব উদ্দিন বলেন, “এসব কারণে তাকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হবে। রোববার এ চিঠি পাঠানো হবে।

“সভায় কমিটির ৮৩ সদস্যের মধ্যে ৭০ জন সদস্য উপস্থিত ছিলেন। ৮০ শতাংশ সদস্যের সম্মতিতে এই সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।”

সহিদ উল্যাহ খান বলেন, “সভায় বিগত পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যারা যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর সাংসদ একরামুল করিম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের সদস্যপদ ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।”

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও প্রথমে তিনি সাড়া দেননি।

পরে তিনি বলেন, “কী সিদ্ধান্ত নিয়েছেন তারা তা আগে জানি। তারা কী পদক্ষেপ নেন তা দেখে প্রতিক্রিয়া জানাব।”