২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সোয়া লাখ ইয়াবা উদ্ধার, আটক ৫

কক্সবাজারের টেকনাফে এক লাখ ২৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন আটক হয়েছেন, যাদের ইয়াবা পাচারকারী বলছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 08:42 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

মঙ্গলবার গভীর রাতে টেকনাফের সেন্টমার্টিন উপকূলে বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।

বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আব্দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

আটকরা হলেন মহিদুল ইসলাম, আবুল হাসেন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ ফজল করিম ও মনুর আলী। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত পৌন ২টার দিকে টেকনাফ স্টেশন কমান্ডার সৈয়দ তৈয়মু পাশার নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক পাঁচ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করা হয়।

“এ সময় মিয়ানমারের দিক থেকে অবৈধভাবে একটি নৌকা বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার সংকেত দেওয়া হয়। কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি মিয়ানমার দিকে দ্রুত সরে পড়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে পাঁচ পাচারকারীসহ নৌকাটি আটক করা হয়।”

নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভিতরে লুকানো এক লাখ ২৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আব্দুর রহমান আরও জানান, জব্দ করা ইয়াবা, ইয়াবা পাচার কাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।