দ্রব্যমূল্য নিয়ে চটকদারি স্লোগানে বিভ্রান্ত হবেন না: প্রতিমন্ত্রী
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ‘সাময়িক’, এ নিয়ে রাজনৈতিক চটকদারি স্লোগানে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বুধবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত উদ্যমী নারী এসএমই মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, “ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার আগে প্রতি ব্যারেল পেট্রোলের দাম ছিল ৪৩ ডলার। সেখানে বর্তমানে আমাদের তা কিনতে হচ্ছে ১২০ ডলার দিয়ে। যদি সরকার ৪৩ ডলারেই তা দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে প্রচুর টাকা ভর্তুকি দিতে হয়।
“সরকার তাও দিতে পারত কিন্তু করোনাভাইরাসের ভ্যাকসিন কিনতে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার কোটি টাকার মতো ভর্তুকি দিচ্ছে।”
“জিনিসপত্রের দাম স্থিতিশীল হয়ে যাবে। তাই আমি সবাইকে আহ্বান জানাব, রাজনৈতিক চটকদারি স্লোগান ও মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে সরকারকে সহযোগিতা করুন।”
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ।
আরও বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক আমাদের সময়ের উপ-সম্পাদক মিজান মালিক।
