২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় চাঁদাবাজির বিরুদ্ধে অটোরিকশা চালকদের বিক্ষোভ

কুমিল্লা নগরীতে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা; এতে যানজটের সৃষ্টি হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 03:21 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর টমছম ব্রিজ-পদুয়ার বাজার সড়কে সদর দক্ষিণ থানার কচুয়া-চৌমুহনী এলাকায় দুই শতাশিক চালক এই বিক্ষোভে অংশ নেন।

পরে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভাইস চেয়ারম্যান এসে হয়রানি না করার আশ্বাস দিলে চালকরা সড়ক থেকে সরে যায়। যানবাহন চলাচল তখন স্বাভাবিক হয়।

অটোরিকশার চালক মো. শাহজাহান অভিযোগ করে বলেন, “কুমিল্লা নগরীতে পাঁচ শতাধিক সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। নগরীর সড়কগুলোতে চলাচল করলে প্রতি মাসে প্রতিটি অটোরিকশার জন্য ট্রাফিক পুলিশকে এক হাজার ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা দিলে চালকরা একটি টোকেন পায়।”

এ ছাড়া সড়কে নামলে প্রতিদিনই ট্রাফিক পুলিশের সদস্যদের ৩০ থেকে ৫০ টাকা করে চাঁদা দিতে হয় বলেও অভিযোগ করেন এই চালক।

তিনি আরও বলেন, “ট্রাফিক পুলিশ তাদের চাহিদামতো চাঁদা না পেলে আমাদের অটোরিকশাগুলো অন্যায়ভাবে আটক করে। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সড়কে নেমেছি।”

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক এমদাদুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল, নগরীর যানজট নিরসনে কান্দিরপাড়ের অটোরিকশা স্ট্যান্ডটি বন্ধ করতে হবে। আমরা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি।

“এ কারণে চালকরা সড়কে নেমে বিক্ষোভ করেছে। চাঁদাবাজি কিংবা টোকেন বাণিজ্যের কথা সম্পূর্ণ মিথ্যা। জেলা ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে কাউকে হয়রানি করেনি”, যোগ করেন পরিদর্শক।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ বলেন, “আমরা অটোরিকশা চালকদের আশ্বস্ত করেছি যে, যদি তাদের বৈধ কাগজপত্র থাকার পরেও ট্রাফিক পুলিশ তাদেরকে হয়রানি করে তাহলে পুলিশ সুপার মহোদয়ের কাছে বিষয়টি যথাযথভাবে তুলে ধরা হবে। আশ্বাস পেয়ে চালকরা সড়ক থেকে সরে দাঁড়িয়েছেন।”