২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোহা হল: দ্রোহের স্মারক, বেদনার ঝাঁপি

উনসত্তরের অভ্যূত্থানে ছাত্রদের বাঁচাতে নিজের জীবন দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শামসুজ্জোহা। পরে তার নামে হওয়া ‘শহীদ শামসুজ্জোহা হল’ হয়ে ওঠে মুক্তিকামী ছাত্রদের প্রতিবাদের স্মারক। সেই জোহা হলকেই পাকিস্তানি হানাদার বাহিনী বানিয়েছিল ‘টর্চার সেল’, যার পরতে পরতে মিশে আছে নির্মম নির্যাতন আর হত্যার লোমহর্ষক কাহিনি – যেন বেদনার এক ঝাঁপি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শেখ ফাহিম আহমেদ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2022, 11:19 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

একাত্তরে ছাত্র-শিক্ষক-রাজনীতিবিদ-সংস্কৃতিসেবী অনেক নারী-পুরুষকে বিভিন্ন জায়গা থেকে তুলে এনে এখানে দিনের পর দিন নির্যাতন করত হানাদার বাহিনী। পরে তাদের অনেককে হত্যা করে হলের পেছনের নিচু জায়গায় ফেলে দেওয়া হতো। 

সেই ‘জোহা হলের’ টর্চার সেল থেকে যে কয়জন বেঁচে ফিরেছিলেন তাদের দুজন হলেন রাজশাহীর প্রগতিশীল রাজনৈতিক নেতা শামসুর রহমান কান্দু ও আবদুল মান্নান সরকার। এখনও তারা বেঁচে আছেন। নির্যাতিত এই দুজনের মুখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম শুনেছে ‘একাত্তরের দিনগুলি’। 

তৎকালীন ন্যাপের নেতা শামসুর রহমান কান্দুর বয়স এখন প্রায় ৯০। থাকেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের কাজলা এলাকায়। সম্প্রতি সেই বাসায় গিয়ে দেখা যায়, তিনি প্রায় শয্যাশায়ী। অধিকাংশ সময় তার বিছানায় কাটে। খুব বেশি কথাও বলতে পারেন না। তবে মুক্তিযুদ্ধের কথা শুনে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।  

পরক্ষণেই কিছুটা হেসে অভিমানের স্বরে বলেন, “এতদিন পর আসছ খোঁজ নিতে। এতদিন কই ছিলা?”

কিছুক্ষণ পর থেমে থেমে বলেন, “ওরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল। উল্টো করে দু’পায়ের মাঝে বাঁশ দিয়ে ঝুলিয়ে রেখেছিল এবং খুব মেরেছিল...।”

এরপর যেন খেই হারিয়ে ফেলেন। পাশেই বসেছিলেন স্ত্রী রাহাত আরা রহমান। তিনি তখন কিছু তথ্য দিয়ে সহযোগিতা করেন।

তিনি জানান, যুদ্ধ শুরু হলেও শামসুর তখনও শহর ছাড়েননি। তিনি এখানকার পাকিস্তানি বাহিনীর নানা গতিবিধির তথ্য গোপনে মুক্তিযোদ্ধাদের কাছে পাঠাতেন। ১৯৭১ সালের অগাস্ট মাসের শেষের দিকে পাকিস্তানি বাহিনী কাজলার বাসা থেকে তাকে টেনে-হেঁচড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জোহা হলে’ নিয়ে যায়।

রাহাত আরা রহমান বলেন, “সেই দিনটি ছিল শনিবার। চারদিকে ফজরের আজান শোনা যাচ্ছিল। হঠাৎ কয়েকজন সেনা এসে ঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। উনি (শামসুর) গিয়ে দরজা খুলে দিতেই সেনারা ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। দেখে কোনো অস্ত্র আছে কি-না! কিছু না পেয়েও ওরা ওকে ধরে নিয়ে যায়। সেদিন নাকি এই এলাকা থেকে আরও ২০-২৫ জনকে নিয়ে গিয়েছিল।”

শামসুর রহমানের স্ত্রী আরও বলেন, “প্রায় ছয়-সাত দিন তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। মাথা নিচু করে দুপায়ের মাঝে বাঁশ দিয়ে ঝুলিয়ে নৃশংসভাবে পেটানো হয় তাকে। দুই পা ফুলে গিয়েছিল এবং সারা দেহে আঘাতের চিহ্ন ছিল।

“মাথায় রক্ত জমে গিয়েছিল। কিছুই খেতে দেওয়া হতো না, পানি খেতে চাইলেও পাকসেনারা তাদের পায়ের বুট মুখের কাছে ধরত। এ ঘটনার পর থেকে শামসুর ঠিকমতো চোখে দেখতে এবং হাঁটতেও পারে না। আজও ওর পায়ে সেই দড়ি বাঁধার দাগ আছে। এগুলো মনে পড়তেই নিজেকে বড্ড অসহায় লাগে।”     

১৯৭১ সালের ১৬ অক্টোবর ফজরের আজানের ঠিক আগে রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার বাসা থেকে আবদুল মান্নান সরকারকেও তুলে নিয়ে যায় হানদার বাহিনী। তখন তার বয়স ২১। তার সঙ্গেই নিয়ে যাওয়া হয়েছিল আত্মীয় মীর রহমত আলীকেও।

Image
রাজশাহী নগরীর কাজলার বাসায় কথা বলছেন শামসুর রহমান কান্দুর স্ত্রী রাহাত আরা রহমান।

রাজশাহী নগরীর কাজলার বাসায় কথা বলছেন শামসুর রহমান কান্দুর স্ত্রী রাহাত আরা রহমান।

‘জোহা হলের’ কথা বলতেই মান্নান সরকার নিজের হাত ও পা দেখান। জানান, ধরে নিয়ে প্লায়ার্স দিয়ে তার হাত ও পায়ের নখ তুলে ফেলার চেষ্টা করা হয়। সেই নখগুলো এখনও মরে আছে।

তিনি বলেন, “চোখ বেঁধে জোহা হলে নিয়ে যখন চোখ খুলে দেওয়া হলো, তখনও আমি বুঝতে পারিনি কোথায় আনা হয়েছে। পরে আমাকে দোতলার একটি অন্ধকার ঘরে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়।

“যে ঘরে আমাকে আটকে রাখা হয়, সেটার মেঝেতে প্রায় দুই ইঞ্চি পুরো হয়ে মানুষের মাথার চুল আর রক্ত জমাট বেঁধেছিল। প্রচণ্ড দুর্গন্ধ। ভালো করে তাকিয়ে দেখি, একজন মেঝেতে পড়ে আছেন। তার কাছে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারি ওটা জোহা হল।

মান্নান সরকার স্মৃতি হাতড়ে বললেন, কক্ষে দুইটি থালা পড়েছিল। যেখানে পুঁজের মতো দেখতে দুর্গন্ধময় পচা খাবার থাকত এবং তার ওপর চুল ভাসত। খেতে চাইলে ওইখানেই খাবার আর পানি ঢেলে দেওয়া হতো।

“বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মীর রহমত আলীর একটি চোখ তুলে নেওয়া হয়। পরে তার কী হয়েছিল আর জানা যায়নি।”

প্রায় রাতেই কান্নার আওয়াজ আর ব্যথায় গোঙানির শব্দে শরীর শিউরে উঠত বলে জানান মান্নান সরকার।

Image
রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার বাসায় কথা বলছেন আবদুল মান্নান সরকার।

রাজশাহী নগরীর বালিয়াপুকুর এলাকার বাসায় কথা বলছেন আবদুল মান্নান সরকার।

তিনি বলেন, ‘বাবা গো-মা গো বাঁচাও, ছাইড়া দাও, আমি কিছু জানি না’ – এমন আহাজারি প্রতিনিয়ত ভেসে আসত কানে।

“তুলে নিয়ে যাওয়ার পাঁচদিন পর ২১ অক্টোবর আমাকে ও আরও কয়েকজনকে সারিবদ্ধভাবে কোমড়ে দড়ি দিয়ে বেঁধে হলের নিচে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হলো। একজন আর্মি অফিসার ঘুরে ঘুরে দেখতে লাগলেন। মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য দিতে আমাদের প্রচণ্ড নির্যাতন করতে থাকে।

মান্নান সরকার বলেন, “নির্যাতনের এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে, নিজেকে পচা-গলিত লাশের স্তূপের মধ্যে আবিষ্কার করি। এই স্তূপটি ছিলে নিচু গর্তের মতো জায়গায়, তাই অনেকক্ষণ কিছু দেখতে পাইনি। পরে কোনোমতে হামাগুড়ি দিয়ে বধ্যভূমি (বর্তমানে) থেকে আশপাশের মানুষের সহায়তায় বেঁচে ফিরি।”

মুক্তিযুদ্ধের গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর জোহা হলের পাশের গণকবর থেকে উদ্ধার করা হয় বহু মানুষের হাড়গোড়। জোহা হলে পাওয়া যায় নির্যাতনের শিকার নারীর মাথার চুল, শাড়ি ও ব্লাউজ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শহীদ শামসুজ্জোহা হলের গোড়াপত্তন হয়েছিল উনসত্তরের গণঅভ্যূত্থানের সময়। তখন এই হলটি নির্মাণাধীন ছিল। কোনো নামকরণ করা হয়নি। এর মধ্যেই আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবি এবং সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে মুক্তিকামী জনতার আন্দোলন তুঙ্গে ‍ওঠে।

Image
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হালের পেছনের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা হালের পেছনের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ।

এমনি একদিনে ১৪৪ ধারা ভেঙে রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা তখন বন্দুকের নলের মুখে। তাদের বাঁচাতে এগিয়ে আসেন সবার প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক প্রক্টর ড. শামসুজ্জোহা।

বন্দুকের সামনে দাঁড়িয়ে সেনাদের উদ্দেশে অধ্যাপক জোহা বলেছিলেন, “ডোন্ট ফায়ার, আই সে ডোন্ট ফায়ার! কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন আমার বুকে গুলি লাগে।”

এরপরই জোহার বুক লক্ষ্য করে গুলি করে সেনারা। এরপর গুলিবিদ্ধ ড. জোহাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরবর্তী সময়ে সেই নির্মাণাধীন হলটির নামকরণ করা হয় শহীদ জোহার নামে – ‘জোহা হল’।

Image
তৎকালীন ন্যাপ নেতা শামসুর রহমান কান্দু।

তৎকালীন ন্যাপ নেতা শামসুর রহমান কান্দু।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও নাট্যকার মলয় কুমার ভৌমিক বলেন, “১৯৭১ সালের মে মাসের মাঝামাঝি থেকেই দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসস্থল শহীদ শামসুজ্জোহা হলকে পাকিস্তানি হানাদাররা রূপ দিয়েছে তাদের ক্যাম্প, টর্চার সেল হিসেবে। শহরের অন্যান্য জায়গাগুলোতেও যে হত্যা-নির্যাতন কর্মকাণ্ড চালানো হয়নি এমন নয়। কিন্তু শহরের নানা প্রান্ত থেকে সন্দেহভাজন নিরীহ নারী-পুরুষকে বেঁধে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে এই হলে নিয়ে এসে অমানুষিক নির্যাতন চালানো হতো এবং তথ্য বের করার চেষ্টা করত।

“নিরীহ মানুষদের ধরে এনে হলের ব্লকের বারান্দায় হাত বেঁধে রশিতে ঝুলিয়ে নির্যাতন, মেয়েদের ওপর যৌন নিপীড়ন, অকথ্য ভাষায় গালাগালিও করা হয়েছে। এ ছাড়া হলের পিছনে নারী-পুরুষকে এক দড়িতে বেঁধে নিয়ে গণহত্যা চালানো হতো।”

সেখান থেকে বেঁচে ফেরা মানুষ পরে যে সাক্ষ্য দিয়েছেন তা থেকেই এসব তথ্য জানা গেছে বলে উল্লেখ করেন নাট্যকার মলয় ভৌমিক। 

তিনি মনে করেন, মূলত দুটি কারণে জোহা হলকে পাকিস্তানি বাহিনী টর্চার সেল হিসেবে ব্যবহার করে। প্রথমত: এই হলের পাশ দিয়ে বয়ে গেছে রেললাইন। ফলে হানাদার বাহিনীর জন্য রেল যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল।

“দ্বিতীয়ত: তৎকালীন প্রক্টর ড. শামসুজ্জোহা ছিলেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ এবং এই হলটি ছিলে তারই নামে এক অন্যায়ের প্রতিবাদের প্রতীক। তাই এই চেতনাকে কলঙ্কিত বা আঘাত করতেই তারা এই জায়গাটিকে বেছে নিয়েছিল,” বলেন অধ্যাপক মলয় কুমার।