রাজবাড়ীতে সাবেক স্বামীসহ চারজনের বিরুদ্ধে দলবেঁধে ধর্ষণের অভিযোগ
রাজবাড়ীতে প্রাইভেট কারে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক স্বামীসহ চারজনের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার জেলার গোয়ালন্দ ঘাট থানায় মামলা হয়েছে বলে থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টুটিয়াম গ্রামের সৈকত আলীর ছেলে আল-মামুন রশিদ (৩৮), বরিশাল বিমানবন্দর থানার গণপাড়া গ্রামের আব্দুল হাসেম মাঝির ছেলে আব্দুর রব মুন্না (৪৫) এবং হাসু মিয়া (৩৪) ও রিয়াজ মিয়া (৩৫) নামে দুই ব্যক্তি।
মামলার এজাহারে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী এই নারীর সঙ্গে ২০১৮ সালে রশিদের বিয়ে হয়। এটি এই নারীর দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষে তিন সন্তান রয়েছে তার। প্রথম স্বামী দ্বিতীয় বিয়ে করায় তাদের ছাড়াছাড়ি হয়। দ্বিতীয় স্বামী রশিদ বিয়ের পর যৌতুক দাবি করেন। যৌতুক না দেওয়ায় তাকে মারধর করতেন। ২০২১ সালে তিনি মানিকগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন আদালতে মামলা করেন। ওই মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর রশিদ তাকে তালাক দেন। এরপর থেকে বিভিন্নভাবে তাকে হুমকি দিতে থাকেন রশিদ।
বাদীর অভিযোগ, ১২ মার্চ বিকেলে তিনি বাবার বাড়ি থেকে মানিকগঞ্জ ঘিওর থানার সিনজুরী গ্রামে ফুপুর বাড়ির যাওয়ার পথে সন্ধ্যায় ঘিওর পাঁচ রাস্তার কাছে ফাঁকা জায়গায় তাকে আটক করা হয়। রশিদসহ চারজন মুখ চেপে ধরে তাকে প্রাইভেট কারে তুলে নেন। তারপর তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাওয়ালে তিনি জ্ঞান হারান। তখন চলন্ত প্রাইভেট কারে তাকে চারজন দলবেঁধে ধর্ষণ করেন। গাড়িটি পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে উঠে নদী পার হয়ে দৌলতদিয়া হয়ে রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি পরিত্যক্ত ফাঁকা ভিটায় পৌঁছায়। সেখানে তাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে পুলিশে খবর দেয়।
ওসি স্বপন কুমার বলেন, মামলার পর পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।
