গোপালগঞ্জে তিন ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার, টাকা উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানিতে ছিনতাইয়ের এক লাখের বেশি টাকাসহ ছিনতাইকারী সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার খায়েরহাট থেকে মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়েছে বলে কাশিয়ানী থানার এসআই সজীব কুমার মন্ডল জানান।
গ্রেপ্তাররা হলেন বাবুল শেখের ছেলে তহিদুল ইসলাম তরু (২৫), মো. আওলাদ শিকদারের ছেলে ইব্রাহিম শিকদার (২২) ও ছরোয়ার শিকদারের ছেলে সুমন শিকদার (২০)। তারা তিন জনই খায়েরহাট গ্রামের বাসিন্দা।
এ সময় ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে বলে পুলিশ জানিয়েছে।
এসআই সজীব বলেন, গত ১০ মার্চ উপজেলার পিঙ্গলিয়া গ্রামের সেনা সদস্য মো. গিয়াসউদ্দিন মোল্যার স্ত্রী সালমা খানম ব্যাংক থেকে ৩ লাখ ১৬ হাজার টাকা তুলে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে ১২ মার্চ সালমা বেগম থানায় অভিযোগ করলে ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও দেখে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়, বলেন এসআই।
”মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে এই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ১৭ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়,” যোগ করেন তিনি।
এদিকে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান।
এরা এলাকায় এর আগেও কয়েকটি ছিনতাইয়ের অংশ নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন এসআই সজীব।
