২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নারীকে অপহরণ করে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

কক্সবাজারে এক নারীকে অপহরণ করে দলবেঁধে ধর্ষণের অভিযোগে নয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে; তবে প্রধান আসামি ওই নারীকে নিজের স্ত্রী দাবি করেছেন; অস্বীকার করেছেন ধর্ষণের অভিযোগ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 08:38 PM

Updated : 02 Aug 2022, 03:07 PM

সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, ওই নারীর দায়ের করা এজাহার মামলা হিসেবে নথিভুক্ত করে তদন্ত করা হচ্ছে। আর নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রধান আসামি ফিরোজ আহমদ জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার রমজান আলীর ছেলে।

ওই নারীকে তিনি তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন।

তবে ওই নারী বিবাহ সম্পর্কে কোনো কথা বলতে চাননি।

তিনি বলেন, “মামলার এজাহারের তথ্যই ঘটনার ব্যাপারে আমার বক্তব্য।”

 মামলার এজাহারে তিনি বলেছেন, সোমবার বেলা ২টার দিকে কক্সবাজার শহরের আদালত পাড়ার মসজিদ মার্কেটে তার আইনজীবীর চেম্বারের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। তারপর উত্তর বাহারছড়ায় এক বাড়িতে আটকে রেখে পুলিশ পরিচয়ে দলবেঁধে ধর্ষণ করা হয়। সুযোগ পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করলে ‘ধর্ষণকারীরা’ পালিয়ে যান।

পরে তাকে পুলিশ উদ্ধার করে বলে তিনি এজাহারে উল্লেখ করেন।

মঙ্গলবার প্রধান আসামি ফিরোজ আহমদ সংবাদ সম্মেলন করে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ওই নারীর সঙ্গে তার বিবাহ হয়। প্রমাণ হিসেবে তিনি একটি কাবিননামা উপস্থাপন
করেন।

“ওই নারী আমার দ্বিতীয় স্ত্রী। তার আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে তিনি আমাকে বিয়ে করেন। বিয়ের পর আমি প্রথম স্ত্রীর মত তাকেও আলাদা বসতঘর তৈরি করে দিয়ে সংসার করে আসছিলাম। সম্প্রতি পারিবারিক কলহের সৃষ্টি হলে তার (মামলার বাদী) বাবা-মা সমাধানের চেষ্টা চালান।”

সোমবারের ঘটনা সম্পর্কে ফিরোজ বলেন, “সোমবার সকালে ব্যক্তিগত কাজে আমি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আসি। কাজ শেষে দুপুরে ঈদগাঁও রওনা দিতে স্টেশনের দিকে যাচ্ছিলাম। কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ করে দ্বিতীয় স্ত্রী (মামলার বাদী) আমার শার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন। মুহূর্তের মধ্যে সেখানে শত শত মানুষের ভিড় জমে যায়।

“সম্মান রক্ষার্থে দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে উত্তর বাহারছড়ার নিরিবিলি রেস্তোরাঁর পেছনের রোডে আমার মামার বাড়িতে যাই। ওখানে আমি দ্বিতীয় দফায় তার কাছে নাজেহাল হই। সেখানে এলাকাবাসী ও পথচারীদের সহযোগিতায় তাকে বাড়ি ফিরে যেতে
অনুরোধ জানিয়ে আমি ঈদগাঁও ফিরে যাই।”

মামলার আসামি সম্পর্কে ফিরোজ বলেন, “সোমবারের ঘটনার সময় আমার পূর্বপরিচিত রাসেল উদ্দিন ছিলেন। তাকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে আমার পূর্বপরিচিত আরও দুইজনকে আসামি করা হয়েছে; যারা সোমবার ঘটনাস্থলে ছিলেন না।”

মামলার অন্য আসামিদের তিনি চেনেন না বলে দাবি করেন। তাছাড়া মামলার বাদীর বাবা-মায়ের সঙ্গে সাংবাদিকদের কথা বলার অনুরোধ করেন ফিরোজ। তিনি মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

তিনি বলেন, “প্রতিপক্ষের লোকজন রাজনৈতিক ও ব্যবসায়িকভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার দ্বিতীয় স্ত্রীকে উস্কে দিয়েছে।”