২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অনুমোদনহীন লটারি বাণিজ্য, ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ

পাবনার ঈশ্বরদীতে শিল্প ও বাণিজ্যমেলার নামে চলছে অনুমোদনহীন লটারি বাণিজ্য; ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 07:35 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

ঈশ্বরদী স্টেডিয়ামে গত ১১ মার্চ থেকে ঈশ্বরদী পৌরসভা পরিচালিত লটারিতে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে, মেলা উপলক্ষে বড় ফটক তৈরি করা হলেও ভেতরে আছে নামমাত্র কিছু স্টল; যেখানে তেমন কোনো পণ্যসামগ্রী নেই। তবে মাঠের মাঝখানে বড় মঞ্চের সামনে ঝোলানো হয়েছে ‘দৈনিক স্বপ্নপুরী র‌্যাফেল ড্র’-এর ব্যানার।

এর টিকেট বিক্রি হচ্ছে বিভিন্ন এলাকায় অটোরিকশায় ঘুরে ঘুরে।

শেরশাহ রোড এলাকার একজন টিকেট বিক্রেতা বলেন, মেলার শুরুতে প্রথম দিনই তিনি প্রায় এক হাজার টিকেট বিক্রি করেছেন।

“যতই দিন যাচ্ছে ততই টিকেট বিক্রি বাড়ছে। ক্রেতাদের বড় অংশই হতদরিদ্র, রিকশা-ভ্যান চালক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী।”

টিকেট বিক্রির সময় পুরস্কারের ঘোষণা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পুরস্কার হিসেবে রয়েছে গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, অটোরিকশা, গরু, স্বর্ণালংকার।

টিকেট বিক্রি করা হচ্ছে ২০ টাকায়।

অনেকেই অনেক টিকেট কিনছেন বলে জানিয়েছেন।

পৌর এলাকার ফতেহ মোহম্মদপুর গ্রামের গৃহবধূ মেরিনা বেগম বলেন, “স্বর্ণের গহনার লোভে তিনটি হাঁস বিক্রি করে টিকিট কেটেছিলাম। অথচ আমার কপালে গহনা তো দূরে থাক, কিছুই বাঁধেনি।”

নারিচা গ্রামের গৃহবধূ ইয়াসমিন আরার অভিযোগ আরও আতঙ্কের।

তিনি বলেন, “মেলা শুরুর পর বাড়ির পুরুষ সদস্যরা বাজার করা বন্ধ করে দিয়েছেন। আমার ইজিবাইক চালক স্বামী সারাদিনে যা আয় করেন তাই লটারির টিকেট কিনে শেষ করে আসেন। বারবার বলেও তাকে বোঝাতে পারছি না। বাচ্চাদের নিয়ে খুবই কষ্টে পড়েছি। গরিব ঠকানোর এই মেলা বন্ধ করতে প্রশাসনের কাছে দাবি জানাই।”

তবে মেলার আয়োজক ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক মালিথা দাবি করেছেন পৌরসভার আবুল মনসুর খান স্টেডিয়াম সংস্কারের জন্য তারা এই উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, “আবুল মনসুর খান স্টেডিয়ামের জরাজীর্ণ দশা। স্টেডিয়াম সংস্কারের ফান্ড নেই বলেই মেলা আয়োজনের মধ্য দিয়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে।”

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবার মতামত নিয়ে মেলা পরিচালনা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তবে পাবনার ডিসি বিশ্বাস রাসেল হোসেন বলেন, “মেলায় লটারি বা র‌্যাফেল ড্র পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”