পদ্মায় জেলের জালে ৩৫ কেজির বাঘাইড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে বাহিরচর এলাকায় জেলে সাঈদ হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল শরীফ।
সাঈদ স্থানীয় মৎস্য আড়তে নিয়ে মাছটি ওজন করে নিলামে তুলেন। সেখান থেকে মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি কিনে নেন।
“মাছটি দেখার জন্য উৎসুক জনতা ফেরি ঘাটে এসে ভিড় করছে। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। সামান্য লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব”, বলেন সোহেল।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “বাঘাইড়, রুই, কাতলার মতো বড় বড় মাছের জন্য অভয়াশ্রম খুবই প্রয়োজন। পদ্মায় এত বড় বাঘাইড় মাছ বর্তমানে খুব কমই পাওয়া যাচ্ছে। এই মাছ খুবই সুস্বাদু।”
