নওগাঁয় বাসচাপায় প্রাণ গেল ২ জনের
নওগাঁর মান্দা উপজেলায় বাসচাপায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চৌদ্দমাইল এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে তারা নিহত হন বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান।
নিহতরা হলেন আব্দুস সাত্তার (৬০) ও খোরশেদ সরদার (৪৫)।
সাত্তার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিংগা গ্রামের বাসিন্দা। ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে থান কাপড় বেচতেন তিনি।
ওসি শাহিনুর প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা দোলন পরিবহন নামে একটি বাস পথচারী খোরশেদ সরদারকে চাপা দিয়ে রাস্তার অপর পাশে থাকা আব্দুস সাত্তারের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাত্তার নিহত হন। আহত অবস্থায় খোরশেদ সরদারকে উদ্ধার করে বেলা ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটি আটক করেছে। আর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি শাহিনুর।
