২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ২০ কিলোমিটার এলাকায় গাড়ির ধীরগতি

নির্মাণ ও সংস্কার কাজ চলার কারণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে যানবাহন চলছে এক লেন দিয়ে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2022, 01:39 PM

Updated : 25 Oct 2022, 10:18 AM

সিরাজগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সালেকুজ্জামান সালেক জানান, মঙ্গলবার সকাল থেকে এ পরিস্থিতি তৈরি হয়েছে। বেলা ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত সড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানবাহন ধীরগতিতে চলছে।

তিনি বলেন, “মহাসড়কের নলকা সেতুর দুপাশে মহাসড়কে নতুন রাস্তা নির্মাণ ও একই সঙ্গে পুরাতন মহাসড়কে সংস্কার কাজ চলছে। এ কারণে এ মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যানবাহনকে এক লেনে চলাচল করতে হচ্ছে। এর মধ্যে নির্মাণ ও সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারের গাড়িগুলো মাঝে মাঝে মহাসড়কে উঠে পড়ায় প্রতিবন্ধকতা বাড়ছে।” বর্তমানে নলকা সেতুর পূর্বপাড়ের সীমান্তবাজার এবং পশ্চিমপাড়ের পাচলিয়া পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে বলে জানান সালেকুজ্জামান।

ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা বলেন, “মহাসড়কের বেশকিছু যানবাহন সিরাজগঞ্জ শহর হয়ে মুলিবাড়ি দিয়ে চলাচল করছে। এতে আঞ্চলিক সড়কেও দেখা দিয়েছে ভোগান্তি। এ পরিস্থিতিতে মহাসড়কে কোন গাড়ি থেমে নেই। মহাসড়ক যানজট মুক্ত রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”