বাগেরহাটে ‘বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা’ এক ব্যক্তির
বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক ব্যক্তি ‘বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা’ করেছেন বলে পুলিশ ও জনপ্রতিনিধি জানিয়েছেন।
উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ সদস্য মো. আলমগীর হোসেন তালুকদার জানান, রোববার রাত ৩টার দিকে আব্দুল্লাহ হক (৩০) নামে এই ব্যক্তির মৃত্যু হয়।
আব্দুল্লাহ ওই ইউনিয়নের নলবুনিয়া গ্রামের আব্দুল হাসেম পেয়াদার ছেলে। নলবুনিয়া বাজারে তিনি একটি ফাস্টফুডের দোকান চালাতেন।
ইউপি সদস্য আলমগীর সাংবাদিকদের বলেন, “শোনা যাচ্ছে আব্দুল্লাহ ঋণগ্রস্থ হয়ে বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন। রোববার রাত ১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। পরে আব্দুল্লাহ চালের পোকা দমনে ব্যবহার করার কীটনাশক ট্যাবলেট খান। তার স্ত্রী বুঝতে পেরে চিৎকার করলে প্রতিবেশীরা এসে আব্দুল্লাহকে উদ্ধার করেন। তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।”
আব্দুল্লাহর একটি চিরকুট লিখে গেছেন জানিয়ে ইউপি সদস্য বলেন, “চিরকুটে আব্দুল্লাহ লিখেছেন, ‘আমি মো. আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আমার আবেদন। আমার জমি-জমা বিক্রি করে সবার দেনা শোধ করে দিবেন। আমার সম্পত্তি আমার ভাই-বোনকে দিবেন না। এরপর যে জমি থাকবে তাতে আমার স্ত্রী ও মেয়ে থাকবে। তাদের কোথাও তাড়াবেন না। এটা আমার দাবি। সবাই স্বার্থপর। শুধু আমি নই। ইতি মো. আব্দুল্লাহ।’
“স্ত্রীর উদ্দেশ্যে আব্দুল্লাহ লিখেছেন, ‘আমি চলে যাচ্ছি। মেয়েকে দেখে রাখিস’।”
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, “আব্দুল্লাহ চালের পোকা দমনের কীটনাশক ট্যাবলেট সেবন করেন। তার স্ত্রী টের পেয়ে প্রতিবেশীদের ডেকে আব্দুল্লাহকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
“স্থানীয়দের কাছে শুনেছি তিনি নাকি বেশ কিছু টাকা ঋণ নিয়েছিলেন। যা তার লেখা চিরকুটে উল্লেখ রয়েছে। তবে আমি এখনও কোনো চিরকুট হাতে পাইনি। সেই ঋণের টাকা পরিশোধ করতে না পেরে তিনি একধরনের মানসিক যন্ত্রণায় ভূগছিলেন। দেনার দায়ে হতাশায় পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছি।”
এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি মো. সাইদুর রহমান।
