সাভারে ৬ ছাত্র হত্যার আসামির মৃত্যু কারাগারে
ঢাকার আমিন বাজারে ছয় কলেজছাত্র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন কাশিমপুর কারাগারে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নিহর ওরফে জমসের আলী (৪৪) ঢাকার সাভার উপজেলার বড়দেশী পূর্বপাড়ার মনসুর আলীর ছেলে।
গিয়াস উদ্দিন জানান, জমসের আলী সকালে হাঠৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়।
“সেখানে চিকিৎসক তার প্রেসার [রক্তচাপ] খুবই কম পান। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক জমসের আলীকে মৃত ঘোষণা করে।”
জমসের আলী সাভারের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০২১ সালের ১৯ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে এ কারাগারে পাঠানো হয়।
আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান।
১০ বছর আগে রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল মালেক, সাইদ মেম্বার, আবদুর রশীদ, ইসমাইল হোসেন, জমসের আলী, মীর হোসেন, মজিবর রহমান, আনোয়ার হোসেন, রজ্জব আলী সোহাগ, আলম, রানা, আবদুল হামিদ ও আসলাম মিয়া।
