আধিপত্যের বিরোধ: কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, পাল্টাপাল্টি ধাওয়া
কুমিল্লা নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার বেলা ২টার দিকে নগরীর চকবাজার গর্জনখোলা বিদ্যুৎ অফিস গলিতে এই ঘটনা ঘটে।
আটক শহিদুর রহমান সজিব নগরীর মুরাদপুর মৌলভীপাড়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।
ওই এলাকার মৃত মাহে আলমের ছেলে রবিন এ বিষয়ে বলেন, “এলাকায় আধিপত্য বিস্তার করতে রোববার বেলা ২টার দিকে আবদুর রাজ্জাক অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে আমাদের উপর হামলা চালায়। আর তার অনুসারী সজিবের হাতে ছিল বিদেশী পিস্তল। এছাড়া বাকি সকল সন্ত্রাসীদের হাতে ছিল দেশীয় রামদাসহ বিভিন্ন অস্ত্র। তারা আমিসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে। একজনকে কুপিয়েছে। এলাকার বেশ কয়েকটি দোকান কুপিয়ে মালামাল লুটপাট করেছে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুর রাজ্জাক বলেন, “আমি কোন মাদক ব্যবসার সঙ্গে জড়িত না। আমি ঠিকাদারি করি। আর আমি কোন অস্ত্রের মহড়াও দেই নাই। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আর আমার লোকজন কারও উপর হামলা করেনি।”
এ প্রসঙ্গে কুমিল্লা কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
