গাজীপুরে ‘ফেইসবুক স্ট্যাটাস’ নিয়ে ছুরিকাঘাতে নিহত ৩
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক গৃহবধূকে জড়িয়ে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দুদল তরুণের বিবাদে ছুরিকাঘাতে তিনজন নিহত ও আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার সম্মানিয়া ইউনিয়নের অল্লাহু জামে মসজিদের কাছে এই সংঘর্ষ হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
নিহত তিনজনই হলেন উপজেলার দক্ষিণগাও চরপাড়ার বাসিন্দা। তাদের একজন হলেন আলম হোসেনের ছেলে মো. ফারুক হোসেন (১৮)। অপর দুজন ১৬ বছর বয়সী।
আহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা ১৭ ও ১৪ বছর বয়সী। তাদের বাড়ি স্থানীয় মামুর্দী এলাকায়। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
কাপাসিয়া থানার পরিদর্শক (অপারেশন) শেখ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত ফারুকের বাবা মো. আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করে রোববার রাতে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মামলার বরাতে শেখ মো. আমিনুল ইসলাম বলেন, ফেইসবুকে কাপাসিয়া উপজেলার সম্মানিয়া ইউনিয়নের চরআলী নগরের পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার এক গৃহবধূর ছবি দেওয়া নিয়ে এক তরুণের [নিহত] সঙ্গে ও ওই গৃহবধূর স্বামী জাহিদুল ইসলাম ওরফে জাহিদের কথা কাটাকাটি হয়।
আমিনুল বলেন, এর জেরে শনিবার রাতে সশস্ত্র একদল লোক কাপাসিয়ার সম্মানিয়া ইউনিয়নের অল্লাহু জামে মসজিদের সামনে ওই গরুণের উপর হামলা চালায়। এক পর্যায়ে দুদল তরুণ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে ওই তরুণের আরও দুই সঙ্গী গুরুতর জখম হন। ফারুকসহ কয়েকজন পথচারী ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সংঘর্ষ থামাতে গেলে তারা হামলায় আহত হন।
তিনি জানান, পরে আহতদের মনোহরদী হাসপাতালে নেওয়ার পথে ওই তরুণ ও ফারুক মারা যান। আরেক জনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পাঠালে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
ঘটনার পর থেকে জাহিদসহ তার সঙ্গীদের সন্ধান পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
নিহত এক তরুণের বড় ভাই মো. মোজাম্মেল বলেন, শনিবার রাত ১১টায় উপজেলার আড়াল জিএল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল থেকে তার সঙ্গে ফারুকসহ আরও দুজন [নিহত] বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি ফোন পেয়ে তারা স্থানীয় সন্মানিয়া ইউনিয়নের দক্ষিনগাঁও চরপাড়ায় আল্লাহু মসজিদের সামনে যান।
সেখানে ১৪/১৫ জনের একটি সন্ত্রাসী দল ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ফারুকসহ এই তিন তরুণকে ছুরিকাঘাত করে।”
মোজাম্মেল বলেন, রাতে আহতদের পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফারুক ও আরেকজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রউফ বলেন, ফেইসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে রাতে ওই তিনজনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান ফারুক হোসেন ও আরেকজন। আহত অবস্থায় একজনকে প্রথমে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রোববার ভোর ৬টার দিকে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
