ফরিদপুরে বাস ভস্মীভূত: মামলা দায়ের, তদন্তে কমিটি
অর্থপাচার মামলায় গ্রেপ্তার ফরিদপুরের দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের ১২টি বাস ভস্মীভূত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
একই সঙ্গে এই ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়।
শুক্রবার গীর রাতে ফরিদপুর শহরের গোয়ালচামটে নতুন বাস টার্মিনালের পাশে একটি শেডে রাখা সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের মালিকানাধীন সাউথ লাইন পরিবহনের ১২টি বাস ভস্মীভূত হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, শনিবার রাতে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বাদী হয়ে বাসগুলি পুড়ে যাওয়ার ঘটনাকে নাশকতা উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, ফরিদপুরের পুলিশ সুপার রোববার এ ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছেন। কমিটির প্রধান করা হয়েছে অতিরক্তি পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) মো. ইমদাদ হোসেনকে। কমিটির অপর দুই সদস্য হলেন তিনি নিজে [অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার] ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন।
আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, বলেন তিনি।
সুমন রঞ্জন সরকার বলেন, বাস পুড়িয়ে দেওয়ার ঘটনাটি তদন্ত কাজ শুরু করা হয়েছে। এ বাসগুলির নিরাপত্তায় নিয়োজিত নৈশ প্রহরী শেখ মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবদ করা হচ্ছে। যে বা যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২০ সালের ১৬ মে রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার মোল্লাবাড়ী সড়কে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে দুই দফা হামলা হয়। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন তিনি।
ওই ঘটনায় ৭ জুন রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন বরকত ও রুবেল। তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি, সন্ত্রাস ও অর্থপাচারের খবর এরপর বেরিয়ে আসতে থাকে, বেশ কয়েকটি মামলাও হয়।
অর্থপাচারের অভিযোগে ওই বছর ২৬ জুন ঢাকার কাফরুল থানায় বরকত ও রুবেলের বিরুদ্ধে এ মামলাটি করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।
তদন্ত শেষে গতবছরের ৩ মার্চ ঢাকা মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।
অর্থপাচার মামলার আদালতের আদেশে সাউথ লাইন পরিবহনের ২২টি বাস আলামত হিসেবে জব্দ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা। জব্দ করা বাসগুলি শহরের গোয়ালচামটে ওজোপডিকো কার্যালয়ের সামনে রাখা ছিল।
গত শুক্রবার গভীর রাতে এর মধ্যে ১২টি বাস পুড়ে যায়।
এদিকে, রোববার জেলা আইন শৃংখলা কমিটির সভায় এ ঘটনাকে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হিসেবে আখ্যায়িত করে দ্রুত এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আদার দাবি জানানো হয়েছে।
সভায় জেলা প্রশাসক অতুল সরকার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
