টেকনাফে ২ মাদক কারবারি আটক, অস্ত্র মাদক উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে; যাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব।
র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার মুকবুল আহম্মদের ছেলে হাফেজ আহম্মদ (৪০) একই এলাকার সৈয়দ আলমের স্ত্রী কামরুন নাহার সোমা (২২)।
বিল্লাল বলেন, চোরাইপথে মিয়ানমার থেকে বিদেশী মদ, বিয়ার ও সিগারেট মজুদ করার গোপন খবরে র্যাব ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ৫২ বোতল বিদেশী মদ, ২৮০ ক্যান বিয়ার, ১১ কার্টন বিদেশী সিগারেট ও একটি ১টি একনলা বন্দুকসহ হাফেজ ও কামরুনকে আটক করে। এ সময় সোমার স্বামী পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
