মাদক ব্যবসার অভিযোগে ফরিদপুরে দম্পতি আটক
ফরিদপুরের শহরতলী থেকে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
শনিবার মামুদপুর এলাকার বাড়ি থেকে এ দম্পতিকে আটক করা হয় বলে জেলা ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম জানান।
আটকরা হলেন- গোলাম মোস্তফা (৪৬) ও তার স্ত্রী শ্যামলী রোকসানা (৪২)।
পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, “গোলাম মোস্তফার বাড়ি থেকে একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটারগান, দুইটি স্টিলের ছোরা, দুইটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়।
এ ছাড়া আট বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ৭০ হাজার টাকা উদ্ধার করা হয় বলেও জানান জামাল পাশা।
ডিবি পুলিশের ওসি বলেন, “গোলাম মোস্তফা জানিয়েছেন, একই এলাকার রিপন মিয়াও (২৯) তাদের সঙ্গে যুক্ত। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় তার বাড়িতে থাকা মাদক বিক্রির ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
