২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রকে ছুরিকাঘাত: ২ ‘উগ্রবাদী’ গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিউল হক নাফি ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2022, 02:44 PM

Updated : 02 Aug 2022, 03:06 PM

শনিবার দুপুরে র‌্যাব-৫ এর সদরদপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার রাতে নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, মতিহার থানার খোজাপুর এলাকার সালাউদ্দিন বাপ্পী (২৭) এবং একই এলাকার নবাব শরীফ (২৭)।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, সালাউদ্দিন বাপ্পী মসজিদ মিশন একাডেমি স্কুল থেকে মানবিক বিভাগে ২০১০ সালে এসএসসি পাস করেন। বর্তমানে তিনি ভূগোল ও পরিবেশবিদ্যা বিষয়ে রাজশাহী কলেজে মাস্টার্সে অধ্যয়নরত। তিনি ২০১৪ সালে উগ্রবাদী ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

“নবাব শরীফ মির্জাপুর হাইস্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে  তিনি কাপড়ের দোকানের কর্মচারী হিসেবে কাজ করেন। তার ভাই আব্দুস সালাম (৪২) হত্যা মামলার যাবজ্জীবন এবং অপর ভাই জাহাঙ্গীর আলম (৩৫) ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি। তিনিও উগ্রবাদী রাজনীতির সঙ্গে জড়িত।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাফফাত নাঈম নাফিকে নগরীর আমজাদের মোড় সংলগ্ন এনআর ছাত্রাবাসে বুধবার রাতে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের শিক্ষার্থী। 

এ ঘটনায় নাফির ঘনিষ্ঠ বন্ধু শরীফুল ইসলাম বাদী হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেন। মামলায় রমজান,মেসমালিক নাজমুলসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদে অবস্থান কর্মসূচি  

নামাজ পড়ার ঘটনাকে কেন্দ্র করে হত্যার উদ্দেশ্যে রাবি ছাত্র নাফিউল হক নাফিকে ছুরিকাঘাত করা হয় উল্লেখ করে র‌্যাব অধিনায়ক দাবি করেন, “র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা, ওই ঘটনায় পাঁচ-সাতজন সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছে। অন্যরা পালাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, নাফির বন্ধু শরীফ হোসেন নামের এক শিক্ষার্থী নগরীর আমজাদের মোড় সংলগ্ন এনআর ছাত্রাবাসে থাকেন। ওই ছাত্রাবাসে মসজিদে গিয়ে নামাজ পড়া বাধ্যতামূলক। তবে কেউ যদি রুমে নামাজ পড়তে চায় তাহলে কর্তৃপক্ষের অনুমতি লাগে। শরীফের পরীক্ষা চলায় সে রুমে নামাজ পড়ত। এ নিয়ে ওই ছাত্রাবাসে থাকা অন্যান্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ ছাত্রাবাস মালিককে এ বিষয়ে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে রাতেই একটি মিটিং বসে। সেখানে নাফিসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অংশ নেয়। মিটিংয়ের শেষ পর্যায়ে স্থানীয় কিছু যুবক হঠাৎ ছাত্রাবাসে ঢুকে মারধর শুরু করে। এ সময় তারা নাফির পায়ে ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

প্রথমে নাফিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে নাফিকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ঘটনায় রাতেই ছাত্রাবাসের মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।