২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অবস্থান কর্মসূচি পালন করেছে তার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 05:44 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

নগরীর আমজাদের মোড় সংলগ্ন এনআর ছাত্রাবাসে বুধবার রাতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান।

আহত সাফফাত নাঈম নাফির নাফি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাফির চিকিৎসাসহ যাবতীয় খরচ বহন এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ আহমেদ নকীব শিক্ষার্থীদের শান্ত করেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কর্মসূচিতে নাফির সহপাঠী ইব্রাহীম ক্ষোভ প্রকাশ করে বলেন, “হিমেল ভাইয়ের রক্তের দাগ না শুকাতেই নাফিকে ছুরিকাঘাতে রক্তাক্ত করা হয়েছে। নাফির সুচিকিৎসা ও যাবতীয় খরচ বহন এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে গ্রেপ্তার না করলে এ রকম ঘটনা আরও ঘটবে।”

অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ অত্যান্ত দুঃখজনক। খবর পাওয়ার পরই নাফির সুচিকিৎসার জন্য যাবতীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“তাছাড়া ইতোমধ্যে ছাত্রাবাসের মালিককে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে।”

ঘটনার বর্ণনায় ওসি বলেন, “নাফির বন্ধু শরীফ হোসেন নামের এক শিক্ষার্থী নগরীর আমজাদের মোড় সংলগ্ন এনআর ছাত্রাবাসে থাকেন। ওই ছাত্রাবাসে মসজিদে গিয়ে নামাজ পড়া বাধ্যতামূলক। তবে কেউ যদি রুমে নামাজ পড়তে চায় তাহলে কর্তৃপক্ষের অনুমতি লাগে। শরীফের পরীক্ষা চলায় সে রুমে নামাজ পড়ত। এ নিয়ে ওই ছাত্রাবাসে থাকা অন্যান্যদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ ছাত্রাবাস মালিককে এ বিষয়ে অভিযোগ করেন।

“অভিযোগের ভিত্তিতে রাতেই একটি মিটিং বসে। সেখানে নাফিসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অংশ নেয়। মিটিংয়ের শেষ পর্যায়ে স্থানীয় কিছু যুবক হঠাৎ ছাত্রাবাসে ঢুকে মারধর শুরু করে। এ সময় তারা নাফির পায়ে ও হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।”

এ ঘটনায় রাতেই ছাত্রাবাসের মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতের শনাক্ত করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।