পুলিশের মামলায় চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ২০০ জন আসামি
চাঁদপুরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঘটনার দুদিন পর শুক্রবার এসআই মো. শাজাহান বাদী হয়ে মামলাটি করেন বলে চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় ৮৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপির কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ সমাবেশ করে। একপর্যায়ে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও পথচারীসহ ২০ জন আহত হয়।
ওসি বলেন, মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ এই মামলায় আটক নয়জনকে গ্রেপ্তার দেখালেও ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- খোকন, মুন্না, লিটন, বাদশা, বারেক, লিটন খান।
সিসি ফুটেজ দেখে আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
