২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘অপহৃত’ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফে শরনার্থী ক্যাম্প থেকে `অপহৃত’ এক রোহিঙ্গাকে প্রায় সাত ঘণ্টা পর উদ্ধার এবং এ ঘটনায় একজনকে আটক করেছে এপিবিএন। 

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2022, 10:06 AM

Updated : 25 Oct 2022, 10:18 AM

১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সীমানার কাঁটাতারের বাইরে পাহাড়ি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মোহাম্মদ আলমকে উদ্ধার করেন তারা।

মোহাম্মদ আলম (৫৪) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

এ ঘটনায় আটক সাহাব মিয়া (৫০) একই ইউনিয়নের রইক্ষ্যং পুটিবনিয়া এলাকার আবুল হোসেনের ছেলে।

তারিকুল বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে মোহাম্মদ আলমকে ঘর থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। পরে অপহরণকারীরা আলমের স্বজনদের মোবাইল ফোন করে মুক্তিপণ দাবি করে। ঘটনাটি এপিবিএনকে জানানো হলে তারা বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।  এক পর্যায়ে এপিবিএনের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অপহরণকারীরা পালানোর সময় সাহাবকে আটক করা হয়।

সাহাবের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।