২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ, পরিবারের অভিযোগ হত্যা

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শৌচাগারে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ পাওয়া গেছে, যাকে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 07:07 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান।

নিহত কৌশিক দাস দেব (১৪) জেলা শহরের ঘোষপাড়ার উজ্জল দাসের ছেলে। কৌশিক রংপুরের নালন্দা ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।

সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানান ওসি।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে পুলিশ ধারণা করলেও কৌশিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি তানভিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্থ প্রতিম চৌধুরীর ছেলে অনির্বান চৌধুরী (১৪) বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয় জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ৫০৭ নম্বর রুমে ভর্তি থাকা অনির্বানকে দেখতে রাত ৯টার দিকে তার বন্ধু কৌশিক সেখানে যায়।

এ সময় অনির্বান ওয়ার্ডে একা ছিল এবং তার মা বাড়িতে কাপড় আনতে গিয়েছিল, বলেন ওসি।

অনির্বানের বরাতে ওসি বলেন, রাত দেড়টার দিকে কৌশিক বাথরুমে যায়। রাত দুইটার দিকে অনির্বানের মা কাপড় নিয়ে হাসপাতালে গেলে অনির্বান তার মাকে জানায় যে কৌশিক বাথরুমে যাওয়ার পর আধা ঘন্টা হলেও বের হয়নি।

“তখনই অনির্বানের মা কবিতা চৌধুরী ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে বাথরুমের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং কৌশিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।”

এ সময় তার চিৎকারে অনির্বানসহ ওই ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনরা ছুটে গিয়ে কৌশিককে দেখতে পায়।

ওসি তানভিরুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এরপর ভোর ৫টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম শামছুজ্জামান আসিফের উপস্থিতিতে শৌচাগারের ভেতর থেকে ঝুলন্ত কৌশিকের লাশ উদ্ধার করা হয়।

ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৌশিককে বাথরুমের ভেতরে থাকা পাইপে কোমড়ের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

”আমাদের মনে হচ্ছে এটি আত্মহত্যা। তারপরও বিষয়টি পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে,” বলেন তিনি।

এদিকে কৌশিককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন নিহতের বাবা উজ্জ্বল দাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ”রাত ৯টার দিকে কেউ একজন আমার ছেলেকে ফোন করে হাসপাতালে ডেকে নিয়ে যায়। এরপর সেখানে হয়ত আমার ছেলেকে মারপিট করা হয় এবং বাথরুমের পাইপে কোমড়ের বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা হয়। আমরা ধারণা করছি আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনির্বান ধারালো কিছুর আঘাতে দুই হাতে জখম নিয়ে হাসপাতালে এলে তাকে ভর্তি করা হয়। অনির্বানের বন্ধু কৌশিক তাকে দেখতে হাসপাতালে আসে।

তিনি বলেন, লাশ উদ্ধারের সময় নিহতের দুই হাতে কাটা জখমের দাগ পাওয়া গেছে। দাগটি আট থেকে দশ দিন আগের বলে ধারণা করেন এ চিকিৎসক।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে জানিয়ে ওসি তানভিরুল বলেন, ”কৌশিক আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি। তবে বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”

কী কারণে কৌশিক আত্মহত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেন ওসি।