২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসচাপায় ছাত্রলীগ কর্মী নিহত, ২ ঘণ্টা সড়ক অবরোধ

কুমিল্লার দেবিদ্বারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন দিয়ে প্রায় দুই ঘণ্টা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 06:20 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে থানার মিরপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম জানান।

নিহত রবিউল হোসেন (২০) দেবিদ্বার পৌরসভার চেয়ারম্যান বাড়ির জয়দল মিয়ার ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন রবিউলের সঙ্গে থাকা সজীব মিয়া (২০)। সজীব পৌরসভার বড় আলমপুর গ্রামের গ্রামের বাসিন্দা। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিউল ও সজীব দেবিদ্বার পৌরসভা ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

পুলিশ পরিদর্শক মাসুদ আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি বাসের চাপায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন বাসটিতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে বাসের আগুণ নিয়ন্ত্রণে আনে।

“বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলে আমরা সড়কে যান চলাচল স্বাভাবিক করি।”

ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা দুর্ঘটনা কবলিত গাড়ি ও মোটরসাইলে উদ্ধার করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”