গোপালগঞ্জে ‘হত্যা মামলা মীমাংসার জন্য ডেকে নিয়ে’ আসামিকে হত্যা
গোপালগঞ্জে ‘হত্যা মামলা মীমাংসার জন্য ডেকে নিয়ে’ এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত রবিউল শেখ (৪০) জেলার কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।
এলাকার বাঁশঝাড় থেকে বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয় বলে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান।
রবিউলের স্ত্রী শ্যামলী বেগম বলেন, বুধবার সন্ধ্যায় রবিউলের খালাত ভাই একই উপজেলার বাঘিয়া গ্রামের কোবাদ শেখ ডেকে নেন রবিউলকে।
“কোবাদ শেখের ভাই শহিদ শেখ ২০২০ সালে খুন হন। সেই খুনের মামলায় আমার স্বামী রবিউল শেখ প্রধান আসামি। মামলাটি কিভাবে মীমাংসা করা যায় সে বিষয়ে কোবাদ শেখ বাড়ি থেকে আমার স্বামীকে ডেকে নিয়ে যান। তারপর পর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।”
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এলাকার বাঁশঝাড়ের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, রবিউলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিউল কয়েক দিন আগে জেল থেকে বের হন। তাকে কে বা কারা হত্যা করেছে পুলিশ তদন্ত করে দেখছে।
লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
