ঝিনাইদহে দুইজনকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুইজনকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
তাছাড়া আদালত তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও পাঁচ মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন আলতাব মিয়া, আমিরুল ইসলাম ওরফে ফটক, লিয়াকত আলী ও ফারুক ওরফে বাদল।
রায় ঘেষণার সময় দণ্ডিত আসামি বাদল পলাতক ছিলেন।
২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের শরিফুল ইসলাম ও মাসুদ সর্দার হত্যার মামলায় এই রায় আসে।
মামলার নথি অনুযায়ী, শরিফুল ইসলাম একটি অস্ত্র মামলায় ১৭ বছর জেল খেটে বাড়ি ফিরে স্বাভাবিক জীবনযাপন করছিলেন। ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি বিকাল ৬টার সময় দুলাল নামে হুদা মাইলমারি গ্রামের এক ব্যক্তি শরিফুর ইসলামকে ডেকে নিয়ে যায়। শরিফুল ইসলাম তার সাথে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাখপুর বাজারে রওনা হন। তার পিছু পিছ শরিফুলের মেয়ের ভাসুর মাসুদও যান। ওই দিন রাতে তারা বাড়ি ফিরেননি। পরদিন সকালে রামচন্দ্রপুর শ্মশানের খালে এই দুজনের লাশ পাওয়া যায়।
এ ঘটনায় শরিফুলের স্ত্রী মোসাম্মৎ আফরোজা খাতুন অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেনন শৈলকুপা থানায়।
পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আধালত চারজনকে সাজা আর পাঁচজনকে খালাস দিল।
খালাস পেয়েছেন হেকমত ওরফে রাসেল, টেংরা মিয়া, রোজদার মিয়া, রইচ মিয়া ও হাসান মিয়া।
