২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ওএমএস ডিলারের খাটের নিচে সয়াবিন তেল

কুমিল্লায় এক ওএমএস ডিলারের স্নানঘর আর খাটের নিচে টিসিবির ১১২ লিটার সয়াবিন তেল ও শয়নকক্ষে আড়াইশ কেজি ডাল পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 12:06 AM

Updated : 02 Aug 2022, 03:05 PM

বুধবার এ ঘটনায় ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের মালিক ফয়সালুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে অধিদপ্তরের এই দল।

সন্ধ্যায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নিয়মিত তদারকি অভিযানের অংশ হিসেবে তারা কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন।

“এ সময় দেখা যায় স্থানীয় ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের মালিক ফয়সালুর রহমান তার দোকানে টিসিবির তেল ইচ্ছেমতো দামে বিক্রি করছেন। পরে আমরা তার বাড়ি গিয়ে খাটের নিচ এবং বাথরুম [স্নানঘর] থেকে ১১২ লিটার টিসিবির সয়াবিন তেল এবং বেডরুম [শয়নকক্ষ] থেকে ৫০ কেজি ওজনের পাঁচ বস্তা টিসিবির মসুর ডাল উদ্ধার করি।”

তিনি বলেন, এ ঘটনায় ওই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ মালামালগুলো এতিমদের মাঝে বণ্টনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে হন্তান্তর করা হয়।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে এই কর্মকর্তা জানান।