গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ব্র্যাক নারী কর্মীর
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে; এ সময় আরও এক জন আহত হয়েছেন।
বাটিকামারী ইউনিয়নের হলুদভিটায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান।
নিহত সুপর্ণা মজুমদার (৩৫) গোপালগঞ্জ সদরের রঘুনাথপুর গ্রামের চিন্ময় চৌধুরীর স্ত্রী।
ওসি বলেন, বাটিকামারী শাখার ব্র্যাক এনজিওর দুই কর্মী কামরুল ও সুপর্ণা মোটরসাইকেলে হলুদ ভিটা থেকে বাহারা যাওয়ার পথে বিপরীত দিকের একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুপর্ণার মৃত্যু হয়।
আহত মোটরসাইকেল চালক কামরুলকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
ওসি জানান, সুপর্ণার লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় নেওয়া হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
