পাবনা জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিককে ‘হত্যাচেষ্টা’
পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কক্ষে এক সাংবাদিককে গুলি করে ‘হত্যার চেষ্টা’ হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
গুলি না লাগলেও পিস্তলের বাঁটের আঘাতে সাংবাদিক আব্দুল হামিদ খান আহত হওয়ায় তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামিদ ‘দি বাংলাদেশ টুডে’ পত্রিকার পাবনা প্রতিনিধি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিউর রহমান বলেন, “মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সাংবাদিক আব্দুল হামিদ খান জেলা পরিষদে আমার কক্ষে বসে ছিলেন। তখন অপরিচিত এক ব্যক্তি আমার কক্ষে আসেন।
“ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক সাইফুল ইসলাম নামে পরিচয় দেন। তখন হামিদ সাহেব তার পত্রিকার নাম জানতে চান। ওই ব্যক্তি অখ্যাত এক পত্রিকার নাম বলেন। তখন আব্দুল হামিদ সাহেব পত্রিকাটি কখনও দেখেননি বলে জানালে ওই ব্যক্তি হামিদ সাহেবের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতে চেষ্টা করেন। কিন্তু গুলি বের হয়নি। তখন ওই ব্যক্তি পিস্তলের বাঁট দিয়ে হামিদ সাহেবের মাথায় আঘাত করেন।”
ঘটনার আকস্মিকতায় কাজী আতাউর ‘হতভম্ব’ হয়ে যান জানিয়ে বলেন, পরে সাহায্যের জন্য চিৎকার দিলে সহকর্মীরা এসে কথিত সাংবাদিক সাইফুলকে পিস্তলসহ আটক করে। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
আহত হামিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন, তিনি পাবনায় ৩০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন।
“এমন উদ্ভট বেশভুষা ও অসংলগ্ন আচরণের কোনো সংবাদকর্মীকে কখনো দেখিনি। সন্দেহ হওয়ায় তার পরিচয় জিজ্ঞেস করি। অখ্যাত গণমাধ্যমের কথা শুনে আরও সন্দিগ্ধ হয়ে প্রশ্ন করি। তখন তিনি ক্ষিপ্ত হয়ে গুলি করতে চেষ্টা করেন। আমি তাকে ঠেকানোর চেষ্টা করলে ওই লোক পিস্তলের বাঁট দিয়ে আমার মাথায় আঘাত করেন।”
এ ঘটনায় এখনও মামলা হয়নি।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কথিত সাংবাদিককে অস্ত্রসহ আটক করেছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে মামলা দায়ের করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
