২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ড, শিশু নিহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আবার আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। এতে এক শিশু নিহত হয়েছে; আহত হয়েছে অন্তত ১৫ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 06:12 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

মঙ্গলবার বিকালে উপজেলার কুতুপালং ৫ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আগুন লাগে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ নিয়ে গত দুই মাসের মধ্যে রোহিঙ্গা ক্যোম্পে চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

নিহত মোহাম্মদ আয়াজ (৪) উখিয়ার ৫ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকের মাহমুদুল করিমের ছেলে।

আহতদের রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, “সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দুই ঘণ্টার আগুনে এক শিশু মারা গেছে। শতাধিক ঘর পুড়ে গেছে।”

আবদুল্লাহ জানান, কক্সবাজার, উখিয়া, টেকনাফ ও রামু ফায়ার স্টেশনের ১০টি  ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিরূপনে ক্যাম্প পরিচালনা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করছে। আগুন সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি।"

তবে স্হানীয় রোহিঙ্গা নেতা ফয়সাল আনোয়ার বলেন, “এলপিজি সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে রোহিঙ্গারা জানিয়েছেন। ”

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন  

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়ল ২৯ ঘর  

রোহিঙ্গা শিবিরে এক চুলা থেকে আগুনে পুড়ল হাজার ঘর  

সামছু-দ্দৌজা বলেন, বিকাল পৌনে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন ছড়িয়ে পড়ায় কক্সবাজার, উখিয়া, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

"আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি এপিবিএন, ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।”

সামছু-দ্দৌজা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লোকজনকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিভিন্ন কমিউনিটি সেন্টার, শিক্ষাকেন্দ্র, মাদ্রাসা ও মসজিদে আপাতত রাত্রিযাপন করার এবং তাদের মধে্যে শুকনো খাবার বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আবাসনসহ অন্যান্য সহায়তা প্রদান করে আশ্রয়ের ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৯ জানুয়ারি একটি ক্যাম্পে আগুনে সহস্রাধিক ঘর পুড়ে গেছে। এর নয়দিন পর ১৮ জানুয়ারি উখিয়ার ইরানী পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে লাগা এ আগুনে ২৯টি বসত ঘর পুড়ে গেছে। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।