টেকনাফে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবা ও ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত দুইটার দিকে পৌরসভার কুলাল পাড়া থেকে মোস্তাক আহমদকে আটক করা হয় বলে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান।
মোস্তাক (৪২) টেকনাফ পৌরসভার কুলাল পাড়া এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।
ওসি বলেন, মোস্তাকের বাড়িতে মাদকের চালান মজুদ রাখা হয়েছে গোপন খবরে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩০ হাজার ইয়াবা ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার এবং মোস্তাককে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
