মাছ ব্যবসায়ীকে কুপিয়ে ফেলে রাখা হয় ঘেরে
খুলনার পাইকগাছা উপজেলায় মাছ ব্যবসায়ীর লাশ ঘের থেকে উদ্ধার করা হয়েছে; যাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার খড়িয়া ভড়েঙ্গার চকে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান।
নিহত সুখেন্দ্র নাথ সরকার ওই এলাকার মৃত গোষ্ট বিহারী সরদারের ছেলে। খড়িয়া ভড়েঙ্গার চক এলাকায় তার মাছের ঘের রয়েছে।
ওসি বলেন, “সুখেন্দ্র বাড়ি থেকে বেরিয়ে মাছের ঘেরে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তার বুক, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘেরের পানিতে ফেলে পালিয়ে যায়। পরে সুখেন্দ্রর গোঙানির শব্দে আশপাশের লোকজন গিয়ে তাকে পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
সুখেন্দ্রকে হত্যার কারণ ও এ ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
