মুক্তিযুদ্ধের মতো মহামারিতেও বাংলাদেশের পাশে ভারত: হাইকমিশনার
একাত্তরে মুক্তিযুদ্ধের মতোই করোনা মহামারিতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ভারত সরকারের উপহার হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
বিক্রম দোরাইস্বামী বলেন, “একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনিভাবে করোনা মহামারীর সময়ও অক্সিজেন সরবরাহ করে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত।” স্বাস্থ্যখাতে ভারত বরাবরের মতো বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে সিভিল সার্জনের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনার।
