মানিকগঞ্জে তেল বিক্রয়ে কারসাজি, তিন প্রতিষ্ঠানের জরিমানা
মানিকগঞ্জে তেল বিক্রয়ে কারসাজি ও অস্বাস্থ্যকর পরিবেশে মরিচের গুঁড়া তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর ২টা থেকে জেলা শহরের দুধবাজার ও বেউথা বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান বলেন, সদর উপজেলার দুধ বাজার ও বেউথা বাজারে অভিযান পরিচালিত হয়। সয়াবিন তেলের বিক্রয় মূল্যে কারসাজি, অধিক মূল্যে তেল বিক্রয় ও অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করায় আল মাসুদ জেনারেল স্টোরকে ১৫,০০০ টাকা কালীপদ সাহা স্টোরকে ৫,০০০ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার অযোগ্য মরিচের গুঁড়া তৈরি করায় মিরাজুল স্টোরকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করার বিষয়ে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয় বলেও তিনি জানান।
অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোশাররফ হোসেন ও জেলা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেছে।
