২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ক্রিকেটারের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ক্রিকেটারের প্রাণ গেছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2022, 10:21 AM

Updated : 25 Oct 2022, 10:17 AM

উপজেলার নসরতপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রোববার বিকালে এ ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব জানান।

মৃত দেলোয়ার হোসেন জন্টু (৩৮) জাতীয় দলের সাবেক ফুটবলার মোক্তার হোসেনের ছেলে ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেনের বড় ভাই।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “নসরতপুর এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ছাদে একটি লোহার পাইপ নিয়ে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন জন্টু।

“পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল আলম বলেন, জন্টু একজন কৃতি ক্রিকেটার। এছাড়া সে ফুটবলসহ অন্যান্য খেলায়ও পারদর্শী ছিল। জেলা ক্রীড়া সংস্থার সাধারণে পরিষদের সদস্য ছাড়াও জেলার বিভিন্ন বয়স ভিত্তিক দলের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি। জন্টুর মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জন্টুকে শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে বলে জানান তিনি।