বাগেরহাটে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার
বাগেরহাটের মোংলায় ভারতীয় এক নাগরিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে, যিনি রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।
উপজেলার দিগরাজ এলাকা থেকে রোববার মরদেহটি উদ্ধার করা হয় বলে মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান।
নিহত অরবিন্দ কুমার শ্রীবাস্ত (৪১) রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার ম্যাচ প্রজেক্ট লিমিটেডের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। অরবিন্দ ২০১৮ সালের ২৪ অগাস্ট থেকে ওই প্রতিষ্ঠানে কাজ করছিলেন।
মোংলায় পাঁচ তলা একটি বাড়ির দোতলায় ভাড়া থাকতেন অরবিন্দ।
ওসি বলেন, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় ভেঙে ভেতরে ঢুকতে হয়। এ সময় সিলিংয়ের সঙ্গে মৃতদেহটি ঝুলতে দেখা যায়।
এদিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
