কুমিল্লায় গ্রেপ্তার ৪ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অব্যাহতি
কুমিল্লায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া চার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অব্যাহতি দিয়েছে সংগঠনটি।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন ওরফে সুমন, উত্তর হাওলা ইউনিয়নের বরল্লা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল হালিম অভি এবং একই কমিটির যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন শাকিল ও সদস্য মো. শামীম।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার (বিশ্বরোড) এলাকা থেকে ফেনসিডিলসহ এই চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। সে সময় তাদের সঙ্গে থাকা একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
