রাজশাহীতে সড়কে পড়ে ছিল এসআইয়ের লাশ
রাজশাহীর গোদাগাড়ীতে সড়কের পাশ থেকে পুলিশের এক এসআই লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনূরা সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকা থেকে এসআই নূর ইসলামের লাশ উদ্ধার করেন তারা।
নিহত এসআই নূর ইসলাম (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়।
ওসি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে নূরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রাস্তার পাশে তার মোটরসাইকেলটি পড়ে ছিল। আর হেলমেটটি ভাঙা পাওয়া গেছে।
কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে হেলমেট ভেঙে মাথায় আঘাত পাওয়ার কারণে নূরের মৃত্যু হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, “চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, এসআই নূর ইসলাম কয়েক দিন ধরে ছুটিতে ছিলেন। গভীর রাতে তিনি নির্জন সড়কটি দিয়ে কোথায় যাচ্ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।”
