২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনা, সংস্কারকাজে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধীরগতি

লরি ও ট্রাক দুর্ঘটনা, সংস্কারকাজ এবং ছুটির দিনের বাড়তি চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে; কিছু দূর পর পরই দেখা গেছে যানজটের। 

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 02:00 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

হাইওয়ে পুলিশ, যাত্রী ও চালক জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টা থেকে মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার থেকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পর্যন্ত অন্তত ৩৫ কিলোমিটারে কয়েকভাগে যানজটের সৃষ্টি হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী যানবাহন চলাচল কিছু সময় বন্ধ ছিল। উদ্ধারকাজের জন্য সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক। গাড়িগুলো ধীরে ধীরে যাচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়টগঞ্জ এলাকায় মহাসড়কের দুইমুখী লেনে দুটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এ কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুপুর ১২টার দিকে গাড়ি দুটি সড়ক থেকে অপসারণ করা হয়।

“এ ছাড়া মহাসড়কের চান্দিনা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এক লেন বন্ধ রেখে সড়ক সংস্কারকাজ চালাচ্ছে। এতে ওই এলাকায় এক লেন দিয়ে গাড়ি রেশনিং করে চলাচল করছে।”

জহুরুল আরও বলেন, “এখন যান চলাচল স্বাভাবিক। তবে দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় মহাসড়কে গাড়ির জট লেগে যায়। এতে যান চলাচল স্বাভাবিক হলেও গাড়ি চলছে ধীরগতিতে।

আর শুক্রবার ছুটির দিন হওয়ায় মহাসড়কে গাড়ির চাপ বেশি, এজন্য গাড়ির গতি কম বলে মনে করেন পুলিশের কর্মকর্তারা।

এদিকে, দীর্ঘ যানজটে যাত্রীবাহী গাড়ি ও পণ্যবাহী বিভিন্ন যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

কুমিল্লার চান্দিনার সংবাদকর্মী সাদেক হোসেন বলেন, “মহাসড়কে সকাল থেকেই তীব্র যানজট ছিল। আমি সকাল ৭টায় ঢাকার উদ্দেশে চান্দিনা বাসস্টেশন থেকে উঠেছি। সকাল সাড়ে ১০টায় পৌঁছেছি চান্দিনার নূরীতলা এলাকায়। ১০ কিলোমিটার পথ পার হতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন ঘণ্টা।“

ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের যাত্রী মাসুদ কামাল বলেন, “গৌরীপুর এসে যানজটে পড়তে হয়েছে। গাড়ি কোনোদিকে যায় না। সাড়ে তিন ঘণ্টা জ্যামে আটকে ছিলাম।”

জোবায়ের হোসেন নামে কুমিল্লাগামী আরেক যাত্রী জানান, ভোরে ঢাকা থেকে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন। ইলিয়টগঞ্জে এসে বাস তিন ঘণ্টা থেমে আছে। চমর ভোগান্তিতে পড়েছেন আজকে।

ট্রাকচালক আবদুল মান্নান বলেন, “সকাল ৮টায় কুমিল্লা থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে রওনা হয়েছি। প্রায় পাঁচ ঘণ্টা জ্যামে ছিলাম। চমর ভোগান্তি পোহাতে হয়েছে। এখনও সড়কে থেমে থেমে জ্যাম আছে। আর গাড়ি চলছে ধীরগতিতে।”