২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেকুয়ায় পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান, আটক ১

কক্সবাজারের পেকুয়া উপজেলার গহিন পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব যেখান থেকে অস্ত্র ও সরঞ্জামসহ এক জন আটক হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 10:41 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

বৃহস্পতিবার রাতে টৈটং ইউনিয়নের চ্যাপ্টা পাহাড়ে অভিযান শেষে এ তথ্য জানান র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার।

আটক দেলোয়ার হোসেন (৫০) টৈটং ইউনিয়নের গুদিকাটার প্রয়াত আলী চান মিয়ার ছেলে। 

দেলোয়ারের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র ও বনদস্যুতাসহ একাধিক মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

কর্নেল খাইরুল বলেন, র‍্যাবের কাছে গোপন তথ্য ছিল পেকুয়ার টৈটং ইউনিয়নের এক পাহাড়ি এলাকায় কতিপয় অস্ত্র কারবারি কারখানা গড়ে তুলেছে। এ খবরে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে টৈটংয়ের চ্যাপ্টা পাহাড় এলাকায় অভিযান শুরু করে।

“এক পর্যায়ে গহিন পাহাড়ে সন্দেহজনক একটি বাড়ি ঘিরে ফেলেন র‍্যাব সদস্যরা। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও আরেকজন ধরা পড়েন।“

রাত পৌনে ৮টায় অভিযানের সমাপ্তি শেষে কারখানাটি থেকে দেশে তৈরি পাঁচটি বন্দুক ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় বলে খাইরুল জানান।

র‍্যাবের এ কর্মকর্তার ভাষ্য, সন্ধান পাওয়া কারখানায় তৈরি অস্ত্র স্থানীয়ভাবে নানা অপরাধী চক্রের সদস্যদের কাছে সরবরাহ করা হতো। এসব অস্ত্র ডাকাতি, মাদক ব্যবসা, মৎস্য ঘের দখল ও বন দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধ সংঘটনে ব্যবহৃত হয়ে আসছে। 

খাইরুল বলেন, আটক দেলোয়ার একজন চিহ্নিত অস্ত্র কারবারি। তার বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পেকুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।