বশেমুরবিপ্রবিতে ছাত্রীকে ‘দলবেঁধে ধর্ষণ’: ৪ জন রিমান্ডে
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃতদের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ূন কবির বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা গোপালগঞ্জ থানার পরিদর্শক শীতলচন্দ্র পাল জানান।
তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার বিচারসহ ধর্ষণ প্রতিরোধের আন্দোলন শুরু করেন।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ করা হয়। ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাজিউর রহমান বাদী হয়ে গোপালগঞ্জ থানায় মামলা করেন।
পরদিন পুলিশের অভিযানে আটক হন চারজন।
তারা হলেন সদর উপজেলার বনগ্রামের ইয়ার আলী শেখের ছেলে ফরিদ শেখ (২৩), জেলা শহরের সুইপার কলোনির কৃষ্ণ জমাদ্দারের ছেলে অন্তর জমাদ্দার (২০), খোকন জমাদ্দারের ছেলে জীবন জমাদ্দার (২১) ও নবীনবাগ এলাকার ছানু সিকদারের ছেলে পিয়াস সিকদার (২২)।
পরিদর্শক শীতলচন্দ্র বলেন, পুলিশের হাতে গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে চাওয়া হয়। শুনানি শেষে আদালত দুই দিন মঞ্জুর করে।
র্যাবের হাতে আটক ছয় আসামি গত ২৭ ফেব্রুয়ারি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পরিদর্শক শীতলচন্দ্র।
