ক্যাম্পে বুকে অস্ত্র ঠেকিয়ে বিজিবি সদস্যের আত্মহত্যা
নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তে একজন বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার ভোরে বিজিবির সুন্দরইল ক্যাম্পে ওই সিপাহী আত্মহত্যা করেন বলে জানিয়েছেন নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান।
তিনি গণমাধ্যমকে বলেন, “এটি অভ্যন্তরীণ বিষয়। হয়তো পারিবারিক কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।”
এ বিষয়ে পরে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান অধিনায়ক।
নিহত সিপাহী তানভীর আহমেদ (২৬) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ইটনা গ্রামের শেখ আরজু নূর রহমানের ছেলে।
আত্মহত্যার বিষয়টি বিজিবির পক্ষ থেকে থানায় অবগত করা হলে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার হাসপাতাল চত্বরে গিয়ে লাশের সুরতহাল করেন এবং পরে লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠান।
পরে ওসি গণমাধ্যমকে বলেন, “বিজিবি সদস্য রাইফেল বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।”
তবে কী কারণে বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি ওসি।
মামলার বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ভোরে বিজিবি সদস্য আত্মহত্যার চেষ্টা করেন। বুকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কিন্তু কিছু দূর যাওয়ার পর তানভীরের অবস্থা খারাপ হলে ফের তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক আবু হানিফ তাকে মৃত ঘোষণা করেন বলে জানায় পুলিশ।
