২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ডাকাত সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ সদর উপজেলায় ডাকাত সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রাসবাসী; একজন আহত হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 01:37 PM

Updated : 02 Aug 2022, 03:02 PM

বুধবার গভীর রাতে হাটিপাড়া ইউনিয়নের বনপাড়িল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুর রউফ সরকার।

বৃহস্পতিবার দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে গ্রামবাসী ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়। আরেকজন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।” 

হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বনপারিল গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা ইমরান হোসেন গণমাধ্যমকে বলেন, “রাত ৩টার পরে মাইকে সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর বাড়িতে ডাকাতির খবর শুনতে পাই। তিনজনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী।

এর আগেও বনপারিল গ্রামে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। গ্রামবাসী কিছু এলাকায় রাত জেগে পাহারাও দিতো বলে জানান ব্যাংক কর্মকর্তা।

সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে আলী আহমেদ গণমাধ্যমকে বলেন, “১০ থেকে ১৫ জন মুখোশধারী অস্ত্রশস্ত্র নিয়ে রাত সাড়ে ৩টার দিকে বাড়ির দুটি ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। এর পর ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ তিন লাখ টাকা লুটে নেয়।

“প্রতিবেশীরা ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে খবর প্রচার করতে থাকে। তখন স্থানীয় লোকজন বের হয়ে ডাকাত সদস্যদের ধাওয়া করে। বেশিরভাগ ডাকাত পালিয়ে গেলেও স্থানীয়রা তিনজনকে ধরে গণপিটুনি দেন।”

আলী আহমেদ আরও বলেন, পরে সকাল ৮টার দিকে আহত তিনজনকে পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যায়।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, “দুজন ডাকাতের মৃতদেহ পুলিশ নিয়ে আসে। লাশ মর্গে আছে। আর একজন আহত চিকিৎসাধীন।”