ক্যান্সারে ছেলের মৃত্যু, লাশের পাশে কাঁদতে কাঁদতে নিথর মা
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ছেলের লাশ ধরে বিলাপ করতে করতে মায়েরও মৃত্যু হলো।
উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে এলাকার মৃত ননী গোপাল রায়ের ছেলে অমল রায় (৪৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মারা যান।
উঠানে ছেলের লাশের পাশে বসে বিলাপ করতে করতে সাড়ে ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন শোভা রায় (৮০)।
উঠানেই পাশাপাশি দুটি লাশ রেখে বিলাপ করছেন আত্মীয়-স্বজনরা। সান্ত্বনা দিতে আসা প্রতিবেশীদের চোখেও জল। উঠানের আরেক পাশে খাটিয়া বানানোসহ দাহের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা।
অমলের প্রতিবেশী হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অমল রায় ওরফে হাম্বু আর তার ভাই বিমল রায়ের লেছড়াগঞ্জ বাজারে বাইসাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে। বেশ কিছুদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন।”
খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজনরা দূর-দূরান্ত থেকে আসছেন। অমল রায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
