২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার চরে পলো বাইচ উৎসব

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ উৎসব।

মানিকগঞ্জ প্রতিনিধি

মাহিদুল ইসলাম মাহি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2022, 10:47 AM

Updated : 25 Oct 2022, 10:17 AM

বুধবার সকাল থেকে শুরু হওয়া এ উৎসবে উপজেলার চরাঞ্চলের আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ি ইউনিয়নসহ ঘিওর, শিবালয় ও ঢাকার দোহারের কয়েকশ সৌখিন মাছ শিকারী অংশ নেন।

সৌখিন মাছ শিকারীরা জানান, সকাল ৮টা থেকে হরিরামপুরের আন্ধারমানিক ট্রলার ঘাট থেকে মাছ শিকারীরা ট্রলারে করে পদ্মার চরে জড়ো হতে শুরু করেন। অনেকে মোটরসাইকেল, বাইসাইকেল, হ্যালোবাইক, নছিমনে এমনকি হেঁটেও মাছ ধরতে যান। বেলা ১০টার দিকে পলো, ঝাঁকি জাল, দোরাসহ নানা ধরনের উপকরণ নিয়ে মাছ ধরায় মেতে ওঠেন তারা।

ঘিওর উপজেলার হেলাচিয়া এলাকার আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশপাশের এলাকার দশজন নছিমন ভাড়া করে প্রথমে আন্ধারমানিক ট্রলার ঘাটে গিয়েছি। সেখান থেকে ট্রলারে পদ্মা পাড় হয়ে চরে গিয়েছি। একটি বড় একটি শোল পেয়েছি।”

বাঠইমুড়ি এলাকার রফিক মিয়া বলেন, “ঘিওর উপজেলার বাঠইমুড়ি থেকে তাই হরিরামপুরের চরে মাছ ধরতে গিয়েছি। পলো উৎসবে আমরা অনেক আনন্দ করেছি। পলো দিয়ে রুই মাছ ধরার পর আমার আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গেছে।”

তবে আগের মতো এখন আর পলো উৎসব হয় না বলে জানালেন তিনি। 

হরিরামপুরের শেষ গ্রাম নারীকাটি এলাকার কালাম মিয়া বলেন, “বাই সাইকেল নিয়া ট্রলারে পদ্মাপাড় হয়ে পলো বাইচে গিয়েছি। ছোট একটা শোল পাইছি। কষ্ট হইছে তবে আনন্দ পাইছি। এ আনন্দ বলে শেষ করা যাবে না।“

চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের নাসির উদ্দিন বলেন, “এখন তো আর নদীতেই তেমন মাছ নেই, খাল বিলে আর কি থাকবে?  তারপরও পদ্মা নদীতে পলো উৎসবের মাধ্যমে আমাদের গ্রাম বাংলার এতিহ্য ধরে রাখতে পারছি এটাই অনেক কিছু। কয়েকশত লোক মাছ ধরতে চরাঞ্চলে এসেছেন এটা প্রমাণ করে মানুষ এখনও গ্রামীণ ঐতিহ্যকে ভালোবাসে।”

হরিরামপুর উপজেলার সুতালরি ইউপির চেয়ারনম্যান আবদুল সালাম জানান, স্থানীয়রা প্রতিবছরই পলো বাইচের আয়োজন করে। সৌখিন মাছ শিকারিরা এতে অংশ নেন।       

হরিরামপুর উপজেলা মৎস‌্য কর্মকর্তা সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টি ফোরকে বলেন, “পলো বাইচ উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য। কেউ মাছ ধরতে পারুক আর না পারুক সবার অংশ গ্রহণে এ উৎসবে আনন্দের কোন কমতি থাকে না।”