২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছাদ থেকে পড়ে গৃহবধূ নিহত, হত্যার অভিযোগ

কুমিল্লা নগরীতে ভবনের ছাদ থেকে পড়ে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন; যাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 12:19 AM

Updated : 02 Aug 2022, 03:02 PM

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান।

নিহত রুবি আক্তার (৪২) ওই ভবনের ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেনের দ্বিতীয় স্ত্রী। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রয়াত আব্দুস ছাত্তারের মেয়ে।

নিহতের ভাই গোলাম মোস্তফার অভিযোগ, রুবির স্বামী জাহাঙ্গীর হোসেনের সঙ্গে অন্য নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে রুবিকে প্রায়ই মারধর করতেন তিনি।

“তাকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।”

এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করে তিনি বলেন, “আমার বোনকে যে ভবনের ছাদ থেকে ফেলেছে, সেই ছাদে আড়াই ফুট নিরাপত্তা বেষ্টনী রয়েছে। কেউ না ফেললে এখান থেকে পড়ার প্রশ্নই আসে না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

তবে অভিযোগ অস্বীকার করে রুবির স্বামী জাহাঙ্গীর হোসেনে বলেন, “রুবি আমার দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে আমাদের বিয়ে হয়। আমরা খুব ভালোই ছিলাম। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। আমার বয়স্ক মা ও ছেলে পিয়াল বাসায় ছিল। ধারণা করছি, ছাদে উঠে মাথা ঘুরে পড়ে গেছে সে।”

‘নির্যাতন’ ও ‘প্রেমের’ বিষয়টি সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেন তিনি।

ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

“এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।