২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে গিয়ে সেই উন্মত্ত হাতিকে শান্ত করল বন বিভাগ

লালমনিরহাট শহরে তাণ্ডব চালানো সেই উন্মত্ত হাতিটিকে চেতনানাশক ছুঁড়ে শান্ত করেছেন বন বিভাগের কর্মীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 07:38 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

হেলিকপ্টারে গিয়ে ঢাকা থেকে বন বিভাগের প্রশিক্ষিত একটি দল হাতিটিকে আধা ঘণ্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে বলে মঙ্গলবার বন বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে হাতিটিকে দূর থেকে চেতনানাশক ছোঁড়া হয়। ২০ মিনিটের মধ্যে হাতির শরীর অবশ হয়ে যায়। তখন তাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়।

“এর কিছু সময় পর উন্মত্ত হাতিটিকে প্রতিষেধক (এন্টিডট) প্রয়োগ করা হয়। পরে গ্লুকোজ মেশানো পানি খাওয়ানোর আধ ঘণ্টার মধ্যে হাতিটি পুরোপুরি স্বাভাবিক হয়।“

গত সোমবার লালমনিরহাটে পুনাক শিল্প ও পণ্যমেলায় সার্কাসের ওই হাতিটি রশি ছিঁড়ে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়, যাতে একজন আহতও হন।

মেলা কমিটির পরিচালক সাগর মিয়া জানান, গত সোমবার বেলা ১১টার দিকে হাতিটি হঠাৎ করে রশি ছিঁড়ে পালায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় তাকে লালমনিরহাট রেলস্টেশনের পাশে পুকুরে নামিয়ে নিয়ন্ত্রণে রাখা হয়।

লালমনিরহাটে সার্কাসের হাতির হামলায় একজন আহত  

হাতিটিকে স্বাভাবিক অবস্থায় আনতে মাহুতসহ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও মেলা কমিটির লোকজন ব্যর্থ হলে খবর দেওয়া হয় বন বিভাগকে।

পুনাক আয়োজিত মেলার মাঠের বাইরে বিনোদনের জন্য বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সার্কাস। সেখানে ‘দি লায়ন সার্কাস’ থেকে আনা হাতিটি খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বাঁধা ছিল।

হঠাৎ করে হাতি দড়ি ছিঁড়ে বের হয়ে যায়। এসময় শহরের একটি রেস্তোঁরায় ঢুকে জিনিসপত্র নষ্ট করে। একজন বিক্রয় কর্মী দোকান থেকে লাফ দিয়ে বের হওয়ার সময় আহত হন। কয়েকটা গাছও উপড়ে ফেলে হাতিটি।

বন বিভাগ জানায়, খবর পেয়ে তাৎক্ষণিক প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরীর নির্দেশনায় হাতি উদ্ধারে একটি প্রশিক্ষিত টিম গঠন করে ঢাকা থেকে পাঠানো হয়। ঢাকার বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম এ অভিযান দেখভাল করেনে।

তাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মূলত হাতিটি এ সময়ে যৌবনে পদার্পণ করেছে। ওর বয়স ২৮ বছর। এ সময়টাতে পুরুষ হাতির চোখ দিয়ে পানি আসে।

এছাড়া আরও কয়েকটি উপসর্গ দেখে বোঝা যায় হাতিটি একটি একটি মাদি হাতির জন্য অস্থির হয়ে ওঠে। একটি পুরুষ হাতির জীবদ্দশায় ৭-৮ বার এমন অবস্থা হয় বলে তিনি জানান।

হাতির মাউথ মজিবর রহমান এ ঘটনায় নিজেও আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বলেন, “হাতিটি পুরুষ। বেশ কিছুদিন ধরে সঙ্গীহীন থাকায় পাগলামি করছে।”